কেজরিওয়ালকে সরাসরি চ্যালেঞ্জ রাঘব চাড্ডার, আপ ত্যাগের জল্পনায় তুঙ্গে রাজনৈতিক মহল

কেজরিওয়ালকে সরাসরি চ্যালেঞ্জ রাঘব চাড্ডার, আপ ত্যাগের জল্পনায় তুঙ্গে রাজনৈতিক মহল

আম আদমি পার্টির অন্দরে ফাটল এবার প্রকাশ্যে। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি তোপ দাগলেন সাংসদ রাঘব চাড্ডা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের সমস্যা নিয়ে সংসদে সরব হওয়ার অপরাধে কেন তাঁকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? রাজ্যসভার সচিবালয়কে আপ নেতৃত্বের পাঠানো চিঠিতে রাঘবের জন্য বরাদ্দ বক্তৃতার সময় বাতিল করার অনুরোধ জানানো হয়েছে, যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পরিণীতি চোপড়ার স্বামী।

রাঘব চাড্ডার অভিযোগ, সংসদে তিনি যখন বিমানবন্দরের অগ্নিমূল্য খাবার বা গিগ কর্মীদের সমস্যা নিয়ে কথা বলেছেন, তখন তা সাধারণ মানুষের উপকারে লেগেছে। এমন জনহিতকর বিষয়ে কথা বলায় দলের কী ক্ষতি হতে পারে, তা নিয়ে তিনি নেতৃত্বের স্বচ্ছতা দাবি করেছেন। লোকসভা নির্বাচনের সময় থেকেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। এমনকি কেজরিওয়াল জেলে থাকার সময়েও রাঘবের নীরবতা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। বৃহস্পতিবারের ঘটনার পর সেই টানাপোড়েন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এখন কেবল সময়ের অপেক্ষা। বর্তমানে জল্পনা শুরু হয়েছে রাঘবের বিজেপিতে যোগদান নিয়ে। সংসদে বিজেপি সাংসদদের সঙ্গে তাঁর সাম্প্রতিক ঘনিষ্ঠতা সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে স্বচ্ছ ভাবমূর্তি ও সুবক্তা হিসেবে পরিচিত ৩৭ বছর বয়সী এই তরুণ নেতাকে পাশে পেলে পাঞ্জাবে বিজেপি বড়সড় সুবিধা পেতে পারে। এখন দেখার, শেষ পর্যন্ত গেরুয়া শিবিরের হাত ধরে রাঘব চাড্ডা তাঁর রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *