কেন্দ্রে ফুটবল আর যুবসমাজ! পাহাড়ের তরুণদের মূলস্রোতে ফেরাতে বড় পদক্ষেপ পুলিশের – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকার তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে এবার ফুটবলকে হাতিয়ার করল প্রশাসন। মাদকমুক্ত এবং অপরাধমুক্ত সমাজ গড়তে দুর্গাপূজার পরেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একটি নতুন ফুটবল একাডেমি চালুর আনুষ্ঠানিক ঘোষণা করেছে জেলা পুলিশ। পুরুলিয়া পুলিশ সুপার কুমার শানি রাজ জানান, এই অ্যাকাডেমির সমস্ত আর্থিক দায়িত্ব নেবে পুলিশ। প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইনের দক্ষ কনস্টেবল এবং পরবর্তীতে রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়দের মাধ্যমে এখানে তরুণদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পাহাড়ি অঞ্চলের যুবসমাজকে অতি বামপন্থা ও নেশার গ্রাস থেকে দূরে রাখতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাকাডেমি চালুর পাশাপাশি জেলাজুড়ে প্রতিটি থানায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে, যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে অযোধ্যা পাহাড়েই। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য স্থানীয় স্তরে গাইড বা পর্যটক নির্দেশক হিসেবে প্রশিক্ষণের পরিকল্পনাও করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের এই বহুমুখী পদক্ষেপে পাহাড়ের যুবসমাজ সঠিক দিশা পাবে এবং এলাকার সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়ন সুনিশ্চিত হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
