কোটি টাকার গোপন কোড! ‘পাথরসম্রাট’ টুলুর হিসাব মেলাতে এবার ময়দানে CA-আইপিএস – এবেলা

এবেলা ডেস্কঃ
বোলপুর/সিউড়ি: বীরভূমের ‘পাথরসম্রাট’ হিসেবে পরিচিত টুলু মণ্ডলের সাম্রাজ্যের গোপন রহস্য উন্মোচনে এবার কোমড় বেঁধে নেমেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, হার্ডড্রাইভ এবং পেনড্রাইভে লুকিয়ে থাকা কোটি কোটি টাকার লেনদেনের ‘কোড’ বা সাংকেতিক ভাষা উদ্ধার করতেই এখন কালঘাম ছুটছে তদন্তকারীদের।
পুলিশ সূত্রের খবর, টুলুর হিসাবরক্ষক পিনাকী দেব এবং তাঁর সহকারী পার্থ সারথী ব্যবসায়িক সমস্ত তথ্য বিশেষ এক সংক্ষিপ্ত ভাষা, সাংকেতিক চিহ্ন এবং জটিল হিসাবরক্ষণ পদ্ধতি ব্যবহার করে লুকিয়ে রেখেছিলেন। বর্তমানে দু’জনেই পুলিশি হেফাজতে। তাঁদের কাছ থেকেই একাধিক ল্যাপটপ, পেন ড্রাইভ ও হার্ড ড্রাইভ উদ্ধার করা হলেও, সেই সাংকেতিক ভাষার প্রকৃত অর্থ বা লেনদেনের উৎস বুঝতে পারছিলেন না সাধারণ তদন্তকারীরা।
এই জটিল ধাঁধার সমাধান করতেই আসরে নামানো হয়েছে বিশেষ এক আইপিএস অফিসারকে। তিনি হলেন বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখ, যিনি পুলিশে যোগ দেওয়ার আগে পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) ছিলেন। অর্পিতবাবু নিজের পেশাদারি দক্ষতাকে কাজে লাগিয়ে গত সাত দিন ধরে সিউড়ি থানায় বসেই ধৃত হিসাবরক্ষকদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি ট্যালি (Tally) ও এক্সেল শিটের কোটি কোটি টাকার জটিল হিসাব মিলিয়ে তথ্য উদ্ধার করছেন।
অন্যদিকে, উদ্ধার হওয়া ডিজিটাল ডিভাইসগুলি থেকে কোনো গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে সিআইডির বিশেষ টেকনিক্যাল টিম।
উল্লেখ্য, সম্প্রতি বীরভূমের মিনারে টুলু মণ্ডলের বাসভবনে অভিযান চালিয়ে নগদ প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনার বাট উদ্ধার করা হয়েছে। এত বিপুল পরিমাণ সম্পত্তি ও টাকার প্রকৃত উৎস কী, তা খুঁজে বার করাই এখন পুলিশের প্রধান লক্ষ্য।
