কোভিড কাড়ছে ঘুম! শরীরে থাবা বসিয়েই কি বহু পুরনো অচেনা রোগ জাগিয়ে তুলছে করোনা? – এবেলা

কোভিড কাড়ছে ঘুম! শরীরে থাবা বসিয়েই কি বহু পুরনো অচেনা রোগ জাগিয়ে তুলছে করোনা? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এক চমকপ্রদ গবেষণায় দেখা গেছে, গুরুতর কোভিড আক্রান্তদের শরীরে দীর্ঘদিনের পুরনো ও সুপ্ত ভাইরাস আবার নতুন করে সক্রিয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের ২০টি হাসপাতালে ভর্তি হওয়া ১,১৫৪ জন করোনা রোগীর রক্ত ও সোয়াব পরীক্ষা করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গবেষকেরা। এতে দেখা গেছে, কোভিডের তীব্র পর্যায়ে রোগীদের প্রায় ৪৮ শতাংশের শরীরে শরীরে নীরবে অবস্থান করা এপস্টাইন-বার, সাইটোমেগালো এবং হারপিস সিমপ্লেক্সের মতো ভাইরাসগুলো পুনরায় সক্রিয় রূপ ধারণ করেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার রোগীদের ক্ষেত্রেই এমনটি ঘটছে তা নয়, বরং সাধারণ প্রতিরোধ ব্যবস্থার রোগীদের শরীরেও এই প্রবণতা লক্ষ করা গেছে।

চিকিৎসাবিজ্ঞানীদের মতে, মানুষের শরীরে বহু আগে বাসা বাঁধা ভাইরাসগুলো সাধারণত প্রতিরোধ ব্যবস্থার নিয়ন্ত্রণে নিষ্ক্রিয় হয়ে থাকে। কিন্তু কোভিডের মতো বড় ধাক্কায় সেই নিরাপত্তা বলয় দুর্বল হতেই সেগুলো আবার ভাইরাল উপাদান তৈরি করতে শুরু করে। যদিও এই সুপ্ত ভাইরাসের পুনঃসক্রিয়তাই ‘লং কোভিড’ বা শারীরিক জটিলতার মূল কারণ কি না, তা নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি। তবে গবেষকদের বিশ্বাস, করোনার দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি ও জটিলতার রহস্য উন্মোচনে এবং সঠিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে এই গবেষণা ভবিষ্যতে এক নতুন দিগন্ত খুলে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *