কোর্টে ফাঁস হলো ভয়ঙ্কর সত্য: দুই মেয়েকে লাখ টাকায় বিক্রি করেছিল মা, পুলিশি জালে মূল অভিযুক্ত – এবেলা

এবেলা ডেস্কঃ
বুরহানপুর: গর্ভধারিণী মায়ের হাতেই বিকিয়ে গেল দুই নাবালিকা মেয়ের শৈশব। টাকার লোভে নিজের দুই সন্তানকে একাধিক পুরুষের হাতে তুলে দেওয়ার মতো এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা প্রকাশ্যে এসেছে মধ্যপ্রদেশের বুরহানপুর এলাকায়। দীর্ঘ প্রায় দুই বছর ধরে অমানবিক যৌন নির্যাতনের শিকার হয়ে দুই বোনই বর্তমানে অন্তঃসত্ত্বা।
চাঞ্চল্যকর এই ঘটনার সূত্রপাত ঘটে মহারাষ্ট্রের জলগাঁও জেলায়। কিছুদিন আগে অভিযুক্ত মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে দুই মেয়েকে যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। তবে জলগাঁও আদালতে শুনানির সময় বিচারক ও তদন্তকারীরা দুই নাবালিকার শারীরিক অবস্থা দেখে সন্দেহ প্রকাশ করেন। এরপর তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হলে আসল সত্যি সামনে আসে। দুই বোন আদালতকে জানায়, প্রায় দেড় থেকে দু’বছর আগে তাদের মা বিপুল টাকার বিনিময়ে একাধিক ব্যক্তির কাছে তাদের বিক্রি করে দেন।
পুলিশি তদন্তে প্রকাশ পেয়েছে, বড় মেয়েকে প্রথমে ২৫ হাজার টাকা এবং পরে কয়েক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়। অন্যদিকে ছোট মেয়েকেও এক ব্যক্তির কাছে ১ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিল তার মা। সেখানে ক্রেতারা নাবালিকাদের ওপর দিনের পর দিন অমানুষিক যৌন অত্যাচার চালায়, যার ফলে তারা গর্ভবতী হয়ে পড়ে।
সত্যিটা সামনে আসতেই আদালতের নির্দেশে মামলাটি মধ্যপ্রদেশের শাহপুর থানায় স্থানান্তর করা হয়। পকসো (POCSO) আইন ও বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ একাধিক কড়া ধারায় মামলা দায়ের করে পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত মা-সহ তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ও নির্যাতিতাদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
