ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তালা ঝুলানোর নির্দেশ! হঠাৎ কেন চরম পদক্ষেপ নিল দমকল? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 5, 202611:34 am
অগ্নিসুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ দিল দমকল দফতর। সাম্প্রতিক এক অডিটে ৯ নম্বর অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির ওই ভবনে একাধিক গুরুতর গাফিলতি ধরা পড়েছে। দমকলের নথি অনুযায়ী, ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ ২০২৩ সালের ১০ অগাস্ট শেষ হয়ে গেলেও তা আর নবীকরণ করা হয়নি। পরিদর্শন চলাকালীন দেখা যায়, ভবনের ফায়ার অ্যালার্ম নিষ্ক্রিয়, পর্যাপ্ত জলের অভাব রয়েছে এবং জরুরি ভিত্তিতে বেরোনোর পথে নানা বাধা সৃষ্টি হয়ে আছে।
জনজীবন ও সম্পত্তির নিরাপত্তার কথা মাথায় রেখে ভবনের ৬ ও ৭ তলা অবিলম্বে খালি করার জন্য নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সমস্ত নিয়ম মেনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন এবং বৈধ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত এই দফতরগুলি ব্যবহার করা যাবে না। কয়েক দিন আগেই ভবনের হোর্ডিং খোলা কেন্দ্র করে কলকাতা পুরসভা ও পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই দমকলের এই কড়া পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
