ক্যামাক স্ট্রিট কাণ্ডে বড় মোড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি থানায় তলব করল কলকাতা পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের ছাদ থেকে বেআইনি হোর্ডিং অপসারণকে কেন্দ্র করে তৈরি হওয়া সংঘর্ষের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কলকাতা পুলিশ। আগামী মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়ার সরণি থানায় তাঁকে হাজির থাকতে বলা হয়েছে। গত শনিবার রাতে কালীঘাটের বাসভবনে গিয়ে পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্ত নোটিস পৌঁছে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে কেএমসি-র কর্মী ও পুলিশকর্মীরা বেআইনি হোর্ডিং সরাতে গেলে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে কাজে বাধা দেওয়া, মারধর এবং এক মহিলা আধিকারিকের শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুতর অভিযোগ ওঠে।
এই ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়ের হওয়া মামলাগুলির মধ্যে দুটিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। হোর্ডিং সরানোকে কেন্দ্র করে উদ্ভূত এই পরিস্থিতি এবং পরবর্তীআইনি পদক্ষেপে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।
