ক্লাসরুমে সাড়ে চার ফুটের গোখরো! ভয়ে সিঁটিয়ে পড়ুয়ারা – এবেলা

এবেলা ডেস্কঃ
বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির বোড়াগাড়ি ১নং বিএফপি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পঠনপাঠন চলার সময় হঠাৎই শ্রেণিকক্ষে ঢুকে পড়ে একটি সাড়ে চার ফুট লম্বা বিষধর গোখরো সাপ। আচমকা সাপটিকে দেখতে পেয়ে খুদে পড়ুয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে চিৎকার করতে করতে তারা শ্রেণিকক্ষ থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই তৎপর হন শিক্ষকরা। তারা দ্রুত পড়ুয়াদের অন্য একটি নিরাপদ কক্ষে সরিয়ে নিয়ে যান এবং যে ঘরে সাপটি ছিল, তার দরজায় তালা বন্ধ করে দেন।
প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই উত্তেজনার পর খবর দেওয়া হয় স্থানীয় পরিবেশপ্রেমী সংস্থাকে। ডোয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন। সাপ উদ্ধারের পর স্বস্তি ফিরলেও ভরদুপুরে স্কুলের ক্লাসরুমে বিষধর গোখরো ঢুকে পড়ার ঘটনায় অভিভাবক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি দক্ষিণবঙ্গে স্কুলের ভেতরে সাপের কামড়ে মৃত্যুর ঘটনার পর উত্তরবঙ্গের এই ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
