ক্ষমতাহীন জন্মদিনে নয়া অভিযান, কেকের সঙ্গে মিশল ক্রোধ!

এবেলা ডেস্কঃ
রাজনৈতিক অস্থিরতার আবহে ম্লান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ায় এ বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হলো এক ভিন্ন আবহে। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরে আসা এবং দলের বর্তমান অস্তিত্বহীনতার বাস্তবতায় এবার জন্মদিনের উদযাপনে নেই গতানুগতিক আড়ম্বর বা ভক্তদের উপচে পড়া ভিড়।
জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত থেকেই তার বাড়ির সামনে কেক, ফোম ও আতসবাজি নিয়ে কিছু অনুগামীর জমায়েত ছিল। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জমায়েত থেকে ‘চোর’ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভোর পর্যন্ত সংঘাত চলে। এই ঘটনায় কালীঘাট থানার ওসির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকবিতণ্ডার জেরে উত্তপ্ত পরিস্থিতি শনিবার সারাদিন বজায় ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়িতে পৌঁছান। দফায় দফায় মাইক হাতে তিনি রাজনৈতিক বক্তব্য রাখেন। সূত্রের খবর, উত্তপ্ত পরিস্থিতির মাঝে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও উৎকণ্ঠার সঙ্গে বারান্দা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
গত কয়েক বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কালীঘাট এলাকা যেভাবে হলুদ পতাকায় মুড়ে যেত, এবার তার ছিটেফোঁটাও দেখা যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের বর্তমান সংকটের কারণে ভক্তগোষ্ঠীর মধ্যে এক ধরনের সাবধানতা লক্ষ্য করা গেছে। গত বছরের তুলনায় এ বছর লোকসমাগম ছিল খুবই কম। ‘ক্যাপ্টেন’, ‘যুবরাজ’ বা ‘এবি’ সম্বোধনের সেই জৌলুসও ছিল অনুপস্থিত। এমনকি আগের মতো বলিউড কায়দায় নেতাকর্মীদের সঙ্গে ছবি তোলা বা দীর্ঘ সময় ধরে জনসমাগমের সেই দৃশ্যও এবার উধাও।
দলীয় নেতাদের একাংশের মতে, ক্ষমতার পালাবদলের এই সন্ধিক্ষণে এমন পরিস্থিতিতেও জন্মদিন উদযাপনে রাশ না টানা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্ষীয়ান নেতাদের অনেকের মতে, এমন সময়ে কর্মীদের সংযত থাকার বার্তা দেওয়া প্রয়োজন ছিল।
একদিকে যখন ক্ষমতার পালাবদলের পর অভিষেকের ঘনিষ্ঠ মহলে এক নীরবতা ও অস্বস্তি বিরাজ করছে, ঠিক তখনই কাছেই অবস্থিত ‘অভিষেক হার্ডওয়্যার’-এ অমিত বন্দ্যোপাধ্যায়কে শান্তভাবে বসে থাকতে দেখা যায়। একদিকে ক্ষমতার রদবদল, অন্যদিকে জন্মদিনের এই বিতর্কিত পরিস্থিতি সব মিলিয়ে এবারের জন্মদিনটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের এক কঠিন বাস্তবতার সাক্ষ্য বহন করছে।
