খাওয়ার সময় নাকে খাবার চলে যায়? কারণ ও প্রতিকার জানুন

খাবার খাওয়ার সময় গলার ভেতরের জটিল সমন্বয় প্রক্রিয়ায় সামান্য বিঘ্ন ঘটলে খাবার বা তরল নাকে চলে যেতে পারে। সাধারণত নরম তালু নাসারন্ধ্র বন্ধ করে এবং শ্বাসনালির ঢাকনা শ্বাসনালিকে ঢেকে রাখে, যাতে খাবার কেবল খাদ্যনালিতেই প্রবেশ করে।
তবে খাওয়ার সময় কথা বলা, হাসা, কাশি বা হাঁচি এলে এই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এর ফলে নরম তালু নাকের পথ পুরোপুরি আটকাতে ব্যর্থ হয় এবং গলার ভেতরে চাপ তৈরি হওয়ায় খাবার নাকে চলে যায়। দ্রুত খাওয়া, বড় লোকমা নেওয়া বা ভালোভাবে না চিবিয়ে গিলে ফেলার প্রবণতাও এর কারণ হতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অমনোযোগিতার কারণে এটি বেশি ঘটে।
যদি এই সমস্যা বারবার হয়, গিলতে কষ্ট হয়, গলায় কিছু আটকে থাকার অনুভূতি হয় বা কথা বলার ধরনে পরিবর্তন আসে, তবে তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। পেশির দুর্বলতা, স্নায়ুর সমস্যা, অ্যালার্জি, সাইনাসের জটিলতা বা গলার কাঠামোগত সমস্যার কারণেও এমনটা হতে পারে।
খাবার নাকে চলে গেলে আতঙ্কিত না হয়ে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে পানি নিয়ে কুলি করে পরিষ্কার করুন। নাক জোরে ঝাড়লে ব্যথা হতে পারে, তাই নরমভাবে পরিষ্কার করাই নিরাপদ। শান্ত হয়ে বসে ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং খাওয়ার সময় কথা বলা বা হাসাহাসি এড়িয়ে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। তবে সমস্যাটি বারবার হলে বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
