খাড়গে সভা ছাড়তেই গঙ্গার জলে ‘মঞ্চ শুদ্ধকরণ’! অস্পৃশ্যতার অভিযোগে উত্তাল রাজ্যসভা – এবেলা

এবেলা ডেস্কঃ
সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চাঞ্চল্যকর অভিযোগে চরম অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। উত্তরাখণ্ডের হলদুয়ানিতে তাঁর একটি দলীয় সভার পর বিজেপি গঙ্গার জল ছিটিয়ে এবং যজ্ঞ করে সেই মঞ্চ ‘শুদ্ধকরণ’ করেছে বলে অভিযোগ তোলেন তিনি। এই ঘটনাকে দলিত ও অনগ্রসর জাতির ওপর অস্পৃশ্যতার চরম মানসিকতা আখ্যা দিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন খাড়গে। তাঁর এই বক্তব্যের পর বিরোধী সাংসদরা একযোগে ‘শেম শেম’ ধ্বনিতে মুখর হয়ে উঠলে রাজ্যসভায় তুমুল হট্টগোলের সৃষ্টি হয়।
সংসদে এই অভূতপূর্ব অভিযোগে চরম ব্যাকফুটে মোদী সরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন ঘটনাটিকে নিন্দনীয় বলে তদন্তের নির্দেশ দেন। একইসঙ্গে রাজ্যসভার নেতা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও জানান, ঘটনাটি ঘটে থাকলে তা অত্যন্ত নিন্দনীয় এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। কারণ বিজেপি এ জাতীয় রাজনীতি সমর্থন করে না। মূলত উত্তরপ্রদেশ নির্বাচনের আগে দলিত-বিরোধী বার্তা পৌঁছানোর ঝুঁকি এড়াতেই শাসক দল তড়িঘড়ি কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে।
