খাড়্গের বাড়িতে বিরোধী শিবিরের মেগা বৈঠক, চিফ ইলেকশন কমিশনারকে ‘পাবলিক ইমপিচ’ করার বড় চাল! – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরব হয়ে উঠেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। লাগাতার আন্দোলনের পর এবার এক অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে বিরোধীরা আয়োজন করতে চলেছে ‘পাবলিক ইমপিচমেন্ট’। আজ বিকেল ৪টে থেকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে এই প্রতীকী ইমপিচমেন্ট কর্মসূচি শুরু হতে চলেছে। তবে সংসদের মর্যাদা বজায় রাখতে ‘মক পার্লামেন্ট’ শব্দটি ব্যবহার এড়িয়ে চলছেন বিরোধী নেতারা। কর্মসূচির গুরুত্ব বিচারে ইউপিএ জামানার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে স্পিকারের ভূমিকায় দেখা যাবে, তবে শাসক দলের কোনো চরিত্রের অভিনয় থাকছে না।
মল্লিকার্জুন খাড়্গে নিজে এই পাবলিক ইমপিচমেন্টের দাবি সনদ পেশ করবেন। রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি এদিনের সভায় বক্তব্য রাখার সুযোগ পাবেন সিভিল সোসাইটির সদস্যরা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সাধারণ মানুষ। সংসদের দলীয় শক্তির ভিত্তিতে তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে ১০ মিনিট করে সময় দেওয়া হয়েছে। পুরো কর্মসূচির শেষভাগে বক্তব্য রাখবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী শিবিরের এই কৌশল জাতীয় রাজনীতিতে বেশ সাড়া ফেলে দিয়েছে।
