খাবারের নামে এ কী দেওয়া হচ্ছে শিশুদের, পুরুলিয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চরম উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ
পুরুলিয়ার বরাবাজার ব্লকের ঝরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের অত্যন্ত নিম্নমানের খাবার এবং নির্ধারিত পরিমাণের চেয়ে কম ডিম দেওয়ার অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে চলা এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উত্তেজিত উপভোক্তা ও গ্রামের মহিলারা আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ গ্রামবাসীরা কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে দীর্ঘক্ষণ ঘরের ভেতরে তালাবন্দি করে রাখেন। পরবর্তীতে বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে তালাবন্দি কর্মীদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিক্ষোভের পেছনে অন্নপূর্ণা যোজনার সমীক্ষায় দুর্নীতির আরও একটি বড় অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। তাঁদের দাবি, প্রকৃত প্রাপকদের বাদ দেওয়ায় অনেকেই এই যোজনার টাকা পাননি। যদিও কেন্দ্রের কর্মী কবিতা মাহাতো সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, নিয়মানুযায়ী সঠিক সমীক্ষা ও বরাদ্দ খাবার দেওয়া হয়েছে। এই বিষয়ে বরাবাজার ব্লকের সিডিপিও বিনীতা চট্টোপাধ্যায় জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভের বিষয়টি জানা গেছে এবং খাবারের মান নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।
