খালি পেটে মুড়ি-মুড়কির মতো গ্যাসের ওষুধ খাচ্ছেন! অজান্তেই কোন মারাত্মক ক্ষতি ডেকে আনছেন জানেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
ফি দিন সকালে খালি পেটে গ্যাসের ওষুধ খাওয়ার অভ্যাস নীরবে দুর্বল করে দিচ্ছে আপনার হাড়। ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট চিকিৎসকরা এই আশঙ্কার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, ওমেপ্রাজোল বা প্যান্টোপ্রাজোলের মতো পিপিআই জাতীয় ওষুধ পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয়। এর ফলে শরীরের পক্ষে ক্যালসিয়াম শোষণ করা আসাম্ভব হয়ে পড়ে এবং হাড় তার প্রয়োজনীয় পুষ্টি হারিয়ে ক্রমশ ভঙ্গুর হয়ে ওঠে। চিকিৎসকদের সতর্কবার্তা, অস্টিওপোরেসিসের মতো হাড়ের মারাত্মক রোগের অন্যতম প্রধান কারণ হলো এই অতিরিক্ত গ্যাসের ওষুধ সেবনের প্রবণতা। এমনকি বর্তমানে শিশুদের মধ্যেও এই রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যজুড়ে সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করতে এবং ক্যালসিয়ামের শোষণ স্বাভাবিক রাখতে শিশুদের রোদে সময় কাটানো অত্যন্ত জরুরি। অথচ বর্তমান প্রজন্মের শিশুরা ঘরবন্দি থেকে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ায় পর্যাপ্ত রোদ পাচ্ছে না। পাশাপাশি, স্কুল স্তরে শিশুদের সঠিক ভঙ্গিতে বসা এবং মেরুদণ্ড পরীক্ষার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসকদের স্পষ্ট পরামর্শ, চিকিৎসকের পরামর্শ ছাড়া যত্রতত্র গ্যাসের ওষুধ খাওয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ না করলে ভবিষ্যতে তা বড় ধরনের শারীরিক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
