“খেলার মাঠে রাজনীতিকরণ বরদাস্ত নয়,” নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে সোচ্চার শমীক ভট্টাচার্য – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: খেলাধুলার সঙ্গে রাজনীতিকে গুলে ফেলা যাবে না— নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে এই স্পষ্ট বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
তৃণমূল জমানায় কলকাতার প্রধান তিনটি ফুটবল ক্লাব থেকে শুরু করে বেঙ্গল অলিম্পিক, আর্চারি কিংবা জুডোর মতো ক্রীড়া সংস্থাগুলিতে রাজনৈতিক নেতাদের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছিল। আমজনতা সবসময়ই খেলার মাঠকে রাজনীতির মুক্তাঞ্চল হিসেবে দেখতে পছন্দ করেন। রাজ্য বিজেপিও সেই একই নীতিতে বিশ্বাসী বলে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শমীকবাবু।
শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ (ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬)-এর শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কড়া ভাষায় বলেন:
“খেলার মধ্যে রাজনীতি প্রবেশ করা চলবে না। খেলাধুলোয় রাজনীতিকরণ বরদাস্ত করব না। ক্রীড়াজগতের কোনও পদে কোনও রাজনৈতিক ব্যক্তি থাকবেন না— তিনি যে দলেরই হন না কেন। খেলা আর রাজনীতিকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে।”
উল্লেখ্য, সেইশিনকাই শিটো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশন এবং ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক টুর্নামেন্টটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত। ৩১শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের বহু খ্যাতনামা ক্যারাটে অ্যাথলিট অংশ নিয়েছেন।
