গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ২৪ দিন, আলোচনার আর্জি বাংলাদেশের

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা-পদ্মা জলবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। এই প্রেক্ষাপটে চুক্তিটি পুনর্নবীকরণের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জলসম্পদমন্ত্রী মহম্মদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশের কারিগরি কমিটির তথ্য অনুযায়ী, গঙ্গা ও পদ্মার ওপর নির্ভরশীল দেশটির এক-তৃতীয়াংশ এলাকায় পাঁচ কোটিরও বেশি মানুষ বসবাস করেন। চুক্তি অনুযায়ী, শুষ্ক মৌসুমে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গঙ্গার জল নির্দিষ্ট সূত্রে দুই দেশের মধ্যে ভাগ করা হয়। তবে বাংলাদেশের অভিযোগ, শুষ্ক মরসুমে ফরাক্কা ব্যারাজ থেকে তারা পর্যাপ্ত জল পায় না, যার ফলে গড়াই নদী ও সুন্দরবন অঞ্চলে জলের সংকট দেখা দেয়। অন্যদিকে, ভারতের দাবি, জলপ্রবাহের স্বাভাবিক ওঠানামার কারণেই জলের পরিমাণে তারতম্য ঘটে।
বাংলাদেশ এবার চুক্তির মেয়াদ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি নিশ্চয়তা এবং শুষ্ক মরসুমে নির্দিষ্ট পরিমাণ জল পাওয়ার দাবি জানিয়েছে। এর আগে জুন ও আগস্ট মাসেও বাংলাদেশ আলোচনার প্রস্তাব দিলেও নয়াদিল্লির তরফে কোনো নির্দিষ্ট সূচি পাওয়া যায়নি। গত ৩ নভেম্বর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছেন, যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে নতুন কোনো তথ্য নেই। বর্তমানে দুই দেশের মধ্যে জল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওয়ার্কিং গ্রুপ আলোচনা করছে। কূটনৈতিক পরিস্থিতির আবহে এই চুক্তি পুনর্নবীকরণ প্রক্রিয়াটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
