‘গরিব কল্যাণ ও দেশের সুরক্ষায় বিরল দৃষ্টান্ত মোদী’, প্রশাসনিক সাফল্যের ২৫ বছরে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
ভাদনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের সফল ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এক বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। গুজরাতের ভাদনগরে আয়োজিত এই ঐতিহাসিক সভা থেকে তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার জন্য বাংলার মানুষ এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।
নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক যাত্রার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দেশের স্বার্থরক্ষা এবং গরিব কল্যাণে প্রধানমন্ত্রী যেভাবে নিরলস কাজ করে চলেছেন, তা সমসাময়িক রাজনীতিতে অত্যন্ত বিরল। মোদীর বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার ফলেই আজ দেশের নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে এবং ভারত বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছে।
বাংলার রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি মন্তব্য করেন, অতীতে রাজ্যে সনাতনী সংস্কৃতি ও সাধারণ মানুষের অধিকারের ওপর নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও সুশাসনের প্রভাবে আজ সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে।
রাজ্যের সাধারণ মানুষের ভরসা ও আস্থাকে সম্বল করে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে আগামী দিনে বাংলায় পদ্মশিবির ঐতিহাসিক সাফল্যের মুখ দেখবে বলেই তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
