গর্ভগৃহে ফিরলেন মা তারা, ঐতিহ্য রক্ষা ও দর্শনে বিরাট বদল তারাপীঠে! – এবেলা

গর্ভগৃহে ফিরলেন মা তারা, ঐতিহ্য রক্ষা ও দর্শনে বিরাট বদল তারাপীঠে! – এবেলা

এবেলা ডেস্কঃ

সংস্কারের কাজ শেষে শুক্ল চতুর্দশীর আবির্ভাব তিথিতে মূল গর্ভগৃহে ফিরেছেন মা তারা। এর পরেই তারাপীঠ মন্দিরের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ ও পরিকাঠামোগত উন্নয়নে নেওয়া হলো বড় উদ্যোগ। তারা মাতা সেবাইত সংঘ এবং মল্লারপুরের রায়বাড়ির জগন্নাথ রায় পরিবারের যৌথ উদ্যোগে আগামী ৬ নভেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘মহাশক্তি সঙ্গম’। এই বিশেষ মহাযজ্ঞ ও আধ্যাত্মিক সমাবেশের মাধ্যমেই উন্নয়নমূলক কর্মসূচির সূচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও জনপ্রতিনিধির। মন্দির কমিটি সূত্রে জানা গেছে, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সঙ্গে সমন্বয় রেখে এই পুরো পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।

প্রতিদিন মন্দির চত্বরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়, বিশেষ তিথিতে যা আরও বহুগুণ বৃদ্ধি পায়। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণের মতো নানান চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রশাসনকে। পুণ্যার্থীদের দর্শন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার লক্ষ্যেই মূলত এই নতুন পরিকল্পনা। তবে আধ্যাত্মিক পরিবেশ ও সাধক-সন্ন্যাসীদের সাধনার আমেজ বজায় রাখাকে এখানে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রাচীন স্থাপত্য ও ধর্মীয় আচার অক্ষুণ্ণ রেখেই আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে মন্দির চত্বরের সামগ্রিক পরিবর্তন আনা হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *