গাড়ি নিয়ে নেপাল ভ্রমণে নয়া কড়াকড়ি, শাহ সরকারের ফরমান না মানলে বড় বিপদ

গাড়ি নিয়ে নেপাল ভ্রমণে নয়া কড়াকড়ি, শাহ সরকারের ফরমান না মানলে বড় বিপদ

ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়ে নেপাল ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকে বাড়তি সতর্কতা প্রয়োজন। নেপালের বলেন শাহ সরকার ভারতীয় নম্বরের গাড়ির ক্ষেত্রে নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। নয়া নিয়ম অনুযায়ী, ভারতীয় নম্বরের কোনও গাড়ি বা বাইক নেপালে বছরে সর্বোচ্চ ৩০ দিনের বেশি থাকতে পারবে না। এই সময়সীমা একটানা অথবা কিস্তিতে ব্যবহার করা যাবে, তবে কোনও অবস্থাতেই ৩০ দিনের সীমা লঙ্ঘন করা যাবে না।

ডিজিটাল রেজিস্ট্রেশন ও নতুন পোর্টাল

সীমান্তে যানজট কমানো এবং কর ফাঁকি রুখতে নেপালের অর্থ মন্ত্রক ‘টেম্পোরারি ইমপোর্ট ভেহিকল’ নামক একটি অনলাইন পোর্টাল চালু করেছে। এখন থেকে নেপালে প্রবেশের আগেই পর্যটকদের এই পোর্টালে নিজেদের গাড়ির তথ্য নথিভুক্ত করতে হবে এবং অনলাইনেই প্রয়োজনীয় ফি মেটাতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর ই-মেলে একটি কিউআর কোড পাঠানো হবে, যা ডিজিটাল পারমিট হিসেবে গণ্য হবে। অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এই পরিষেবার উদ্বোধন করে জানিয়েছেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে।

কঠোর শাস্তি ও পরিচয়পত্রের আবশ্যকতা

নয়া ফরমানে জানানো হয়েছে, নিয়ম অমান্য করলে গাড়ি বাজেয়াপ্ত করে নিলাম পর্যন্ত করা হতে পারে। পাশাপাশি মোটা অঙ্কের জরিমানার বিধানও রাখা হয়েছে। এছাড়া নেপাল ভ্রমণের সময় ভারতীয় পর্যটকদের ভোটার কার্ড বা পাসপোর্টের মতো বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পর্যটন বিশেষজ্ঞদের মতে, মূলত কর ফাঁকি দিয়ে নেপালে ভারতীয় গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করতেই নেপাল সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। তবে সাধারণ পর্যটকদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম, কারণ পর্যটকরা সাধারণত এক মাসের বেশি সময় নেপালে কাটান না। তবে যারা দীর্ঘমেয়াদী ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই নতুন সময়সীমা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *