গান্ধী মূর্তি পেল না কেউ! জোড়া ফুলের দুই শিবিরে কোথায় হবে ছাত্র পরিষদের সভা? – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও আগামী ২৮ আগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে শাসকদল। তবে দলে বর্তমান রাজনৈতিক সমীকরণ ও স্পষ্ট বিভাজনের জেরে জোড়া শিবির এবার দুটি আলাদা স্থানে সভা করার সিদ্ধান্ত নিয়েছে। ঐতিহ্যবাহী মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার জন্য উভয় পক্ষই প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই ওই ঐতিহাসিক জায়গাটি বরাদ্দ করা হয়নি, যা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কালীঘাট শিবিরকে ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই সভায় সর্বোচ্চ দেড় হাজার মানুষের জমায়েত এবং দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে, ঋতব্রত শিবিরকে রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। দুই পক্ষকেই বুধবারের মধ্যে কুড়িজন করে স্বেচ্ছাসেবকের তালিকা জমা দিতে বলা হয়েছে। ২১ জুলাইয়ের পর ২৮ আগস্টের এই পৃথক দুই সমাবেশে শেষ পর্যন্ত কোন পক্ষে কতটা লোকসমাগম হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
