‘গুন্ডা ছিলাম’, অডিয়ো কল ভাইরাল হতেই তোলপাড় বিধায়ক!

নিজস্ব প্রতিবেদক, তারকেশ্বর:
তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের একটি অডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। অডিয়োটিতে বিধায়ককে নিজের দলের কর্মীদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে এবং হুমকি দিতে শোনা গেছে বলে অভিযোগ। তবে এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময়’।
ভাইরাল হওয়া অডিয়োটিতে সন্তু পানকে বলতে শোনা যায়, “আমি বিধায়ক হওয়ার আগে গুন্ডা ছিলাম।” কথোপকথন চলাকালীন তাঁকে গালিগালাজ করতে এবং বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার কনভেনার সুশান্ত বেরার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করতেও শোনা যায়।
দলীয় সূত্রে জানা গেছে, ভাণ্ডারহাটির এক যুব বিজেপি কর্মী বিধায়ক-ঘনিষ্ঠ অপর এক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক ওই কর্মীকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন। অডিয়ো ক্লিপে তাঁকে ওই কর্মীকে মারধরের হুমকি দিতে এবং দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিতে শোনা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস তীব্র কটাক্ষ করেছে। তৃণমূলের দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ও বখরার ভাগ নিয়ে বিরোধের ফল। তৃণমূলের অভিযোগ, বিধায়কের এই ভাষা ও আচরণ থেকেই স্পষ্ট যে বিজেপি গুন্ডা-মাস্তানদের আশ্রয় দেয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সন্তু পান। বিধায়কের দাবি, তৃণমূলের পক্ষ থেকে দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “আমার দলের কর্মীদের রক্ষা করার দায়িত্ব আমাদের। যাঁকে কথাগুলো বলা হয়েছে, তিনি আদতে তৃণমূল করেন এবং বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন। হোয়াটসঅ্যাপ কলটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা বাইরে এনেছে।”
অন্যদিকে, ভাইরাল অডিয়োতে থাকা ওই বিজেপি কর্মী জানান, বিষয়টি তাঁদের অভ্যন্তরীণ দলের বিষয়। তবে কেন বা কীভাবে এই অডিয়ো ভাইরাল হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন।
