গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি কলকাতার হাসপাতালে

হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাত ৯টা নাগাদ নিজের বাড়িতে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বসিরহাট হাসপাতালে ভর্তির পর তাঁকে সিসিইউতে রাখা হয়েছিল।
সেখানে দীর্ঘ সময় চিকিৎসার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার আর এন টেগর হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, বসিরহাট থেকে কলকাতায় নিয়ে আসার সময়ও বিধায়কের জ্ঞান ছিল না। তাঁকে অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয়।
বর্তমানে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিধায়কের চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠনের প্রক্রিয়া চলছে। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
