গেমিং থেকে পলায়ন! চাপড়ায় ৩ গৃহবধূকে নিয়ে চম্পট দিল যুবক, মুর্শিদাবাদ থেকে উদ্ধার করল পুলিশ – এবেলা
August 20, 2026

এবেলা ডেস্কঃ
চাপড়া: অনলাইন গেমের নেশায় এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল নদিয়ার চাপড়া। ‘ফ্রি ফায়ার’ গেম খেলতে খেলতে পরিচয় হওয়া ১৯ বছরের যুবক আমিনুল শেখের হাত ধরে বাড়ি থেকে পালিয়েছেন একই পরিবারের ৩ গৃহবধূ। জানা গিয়েছে, তিন বধূই বয়সে অভিযুক্ত যুবকের চেয়ে বেশ কিছুটা বড়।
ঘটনার পর পরিবারের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চাপড়া থানার পুলিশ। তদন্ত চালিয়ে মুর্শিদাবাদের একটি গোপন ডেরা থেকে অভিযুক্ত আমিনুলসহ তিন গৃহবধূকেই উদ্ধার করা হয়। এরপর তাঁদের কৃষ্ণনগর আদালতে পাঠায় পুলিশ। এটি নিছকই প্রণয়ঘটিত বিষয়, নাকি এর পেছনে অন্য কোনো অপরাধমূলক মতলব ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রেখেছে পুলিশ।
