‘গেরুয়া বসন পরিয়ে ভোট রিগিং!’ রেজিনগর উপনির্বাচন নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী – এবেলা

এবেলা ডেস্কঃ
রেজিনগর উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট লুঠের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর বিস্ফোরক দাবি, তৃণমূল আমলের ভোট লুটেরারাই এখন ‘গেরুয়া বসন’ পরে ভোট রিগিংয়ের মেশিনারিতে সামিল হয়েছে। সরাসরি বিজেপিতে না গিয়ে তারা ছদ্মবেশে এই কাজ চালাচ্ছে। এছাড়া রেজিনগরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের মারাত্মক অভিযোগ তুলে তিনি বলেন, নির্দিষ্ট পুলিশ অফিসারদের বেছে বেছে এনে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। বুথে কংগ্রেস এজেন্টদেরও ঢুকতে দেওয়া হয়নি।
অন্যদিকে, আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের গ্রেফতারি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। তাঁর মতে, এই গ্রেফতারি সম্পূর্ণ পরিকল্পিত এবং এর মাধ্যমে ওই নেতার রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাড়িয়ে তোলার চেষ্টা চলছে। হুমায়ুন কবীরকে ‘বিজেপির গেস্ট আর্টিস্ট’ বলেও আক্রমণ করেন তিনি। বিগত কয়েকদিন ধরে রেজিনগরের সার্বিক পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে প্রশাসনের ভূমিকা নিয়ে বড়ো প্রশ্নচিহ্ন তুলেছেন রাজ্য কংগ্রেসের এই শীর্ষ নেতা।
