গ্যাংস্টার গোল্ডি ব্রারকে ধরিয়ে দিতে ১০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা এফবিআই-এর

গ্যাংস্টার গোল্ডি ব্রারকে ধরিয়ে দিতে ১০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা এফবিআই-এর

আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেট পরিচালনার অভিযোগে গ্যাংস্টার গোল্ডি ব্রার ওরফে সতিন্দরজিৎ সিংকে নিজেদের মোস্ট ওয়ান্টেড পলাতক তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি। এফবিআই-এর তথ্য অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের উত্তর আমেরিকার অপারেশনের প্রধান হিসেবে কাজ করেন গোল্ডি ব্রার। তার বিরুদ্ধে রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক পাচার এবং মানব পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মার্কিন জেলা আদালত গত ১ জুলাই গোল্ডি ব্রারের বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে র্যাকেটিয়ারিং, চাঁদাবাজি এবং মাদক সংক্রান্ত অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এফবিআই জানিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গোল্ডি ব্রার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই অপরাধী চক্রের হাজার হাজার সদস্য ও সহযোগী সক্রিয় রয়েছে বলে দাবি করেছে মার্কিন তদন্তকারী সংস্থাটি।

এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্যাট্রিক গ্র্যান্ডি জানিয়েছেন, গোল্ডি ব্রারের সহিংসতার প্রবণতা এবং জননিরাপত্তার প্রতি হুমকির কারণে তাকে এই তালিকায় রাখা হয়েছে। তাকে অত্যন্ত বিপজ্জনক ও সশস্ত্র হিসেবে চিহ্নিত করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় এফবিআই অফিস বা নিকটস্থ মার্কিন দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও এফবিআই-এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *