ঘূর্ণাবর্তের দাপট, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা! কোন জেলায় কবে? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভরা বর্ষার দোসর ঘূর্ণাবর্ত, যার প্রভাবে গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় চলছে টানা বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি এখনই থামছে না। ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও দুই বর্ধমানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পরিস্থিতি: সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে। এছাড়া শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা: আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রের উপর ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এই কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। ক্রমাগত বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি কমে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
