চলন্ত রেকজুড়ে শুধুই ধোঁয়া, বেলগাছিয়া স্টেশনে ‘আগুন আগুন’ চিৎকারে হুড়োহুড়ি যাত্রীদের! থমকে গেল মেট্রো – এবেলা

এবেলা ডেস্কঃ
জন্মাষ্টমীর বিকেলে মেট্রোযাত্রায় আচমকাই বড়সড় বিপত্তি। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো রেকে আচমকাই কালো ধোঁয়া দেখতে পান যাত্রীরা। কামরার দরজা বন্ধ থাকায় মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় চারপাশ। আতঙ্কে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে পৌঁছতেই আগুন আগুন চিৎকারে যাত্রীরা তাড়াহুড়ো করে লাফিয়ে নিচে নেমে আসেন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হয় এবং পুরো স্টেশনেই তুমুল চাঞ্চল্য ছড়ায়।
চলন্ত মেট্রোতে এই আগুন আতঙ্ক ও ধোঁয়ার কারণ খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয় মেট্রো কর্তৃপক্ষ। পরে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করা হয়। ছুটির দিনে আগাম ঘোষণার কারণে এমনিতেই কম ট্রেন চলছিল, তার ওপর এই বিভ্রাটে চূড়ান্ত ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যায়ও শহিদ ক্ষুদিরামগামী একটি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এভাবে বারংবার যাত্রী সুরক্ষায় গাফিলতি ও মেট্রো বিভ্রাট নিয়ে সাধারণ যাত্রীদের একাংশের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন উঠতে শুরু করেছে।
