চিংড়িঘাটায় জট কাটল মেট্রোর, ডিসেম্বরেই মিলবে নতুন রুটের সুখবর! – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ আড়াই বছর আটকে থাকার পর অবশেষে গতি পেল চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ। মাত্র আড়াই মাসের তৎপরতায় ৩২৬ ও ৩২৭ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ সম্পন্ন হতে চলেছে। শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উড়ালপুল বন্ধ রেখে যুদ্ধকালীন তৎপরতায় এই গুরুত্বপূর্ণ অংশটি গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করার কাজ চলছে। রেল বিকাশ নিগম লিমিটেডের এই সাফল্যে এখন কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের পথ প্রশস্ত হলো।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোর আগেই সমস্ত পরিকাঠামোগত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নভেম্বরের পুরো মাস জুড়ে চলবে ট্রায়াল রান। এরপর ডিসেম্বর মাস থেকেই কবি সুভাষ থেকে সরাসরি আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হবে। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু থাকলেও, চিংড়িঘাটার জট কাটলে গৌরকিশোর ঘোষ, নলবন ও আইটি সেন্টার স্টেশন সংযুক্ত হবে। এর ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার অফিস যাত্রীদের নিত্যদিনের যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে।
