চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু, রণক্ষেত্র নার্সিংহোম!

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু, রণক্ষেত্র নার্সিংহোম!

 

চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, উত্তাল ডোমজুড়ের নার্সিংহোম

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: অস্ত্রোপচারের জন্য পেট কাটার পর টিউমার অপসারণ না করেই সেলাই করে দেওয়ার ঘটনায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপ এলাকার একটি নার্সিংহোমে। মৃতার নাম স্বপ্না পাল (৪০)। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, জরায়ুর টিউমার সমস্যার কারণে স্বপ্না পালকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। মঙ্গলবার অস্ত্রোপচারের জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পেট কাটার কিছুক্ষণ পরেই চিকিৎসক বাইরে বেরিয়ে এসে জানান, টিউমারের সঙ্গে অন্ত্রের অংশ জড়িয়ে থাকায় পরিস্থিতি জটিল। ওই অবস্থায় অস্ত্রোপচার সম্ভব নয় বলে দাবি করেন তিনি। এরপর টিউমার অপসারণ না করেই ওই চিকিৎসকের পরামর্শে রোগীর কাটা পেট সেলাই করে দেওয়া হয়।

অভিযোগ, অস্ত্রোপচার সম্পন্ন না হওয়ার পর থেকেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সকাল থেকে পরিস্থিতি আরও জটিল হয়। পরিবারের দাবি, অস্ত্রোপচারের ক্ষতস্থান থেকে শরীরের ভেতরে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং শেষ পর্যন্ত রোগীর মৃত্যু হয়।

এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমে উত্তেজনা ছড়ায়। পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ (RAF) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানানো হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *