চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ: চাঁচল হাসপাতালে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, উত্তপ্ত চত্বর! – এবেলা

এবেলা ডেস্কঃ
চাঁচল: ৮ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। টানা দু’দিন ধরে জ্বর ও প্রস্রাব বন্ধ হওয়ার সমস্যায় ভুগছিল হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুরের বাসিন্দা পূজা কুমারী (৮)। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চাঁচল হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, সকাল আটটায় ভর্তি করা হলেও দীর্ঘক্ষণ কোনো চিকিৎসা শুরু হয়নি।
মৃতের পরিজনদের দাবি, কর্তব্যরত চিকিৎসক ডঃ সৌমেন সাউ শিশুটিকে না দেখেই উল্টে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকেন এবং তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন। অ্যাম্বুলেন্সে তোলার মুহূর্তেই শিশুটি রক্তবমি করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্বজনেরা। চিকিৎসায় গাফিলতি ও অভদ্র আচরণের অভিযোগে অভিযুক্ত চিকিৎসক এবং দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডঃ সৌমেন সাউ। তাঁর দাবি, “শিশুটিক অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় দেরিতে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরেই তাকে রেফার করা হয়, কোনো গাফিলতি হয়নি।” চাঁচল ১ নম্বর ব্লকের বিএমওএইচ (BMOH) ডঃ আক্তার হোসেন জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত সপ্তাহেই রতুয়া গ্রামীণ হাসপাতালে একই রকম গোলমালের ঘটনা ঘটেছিল, যার পর চাঁচলের এই ঘটনা জেলার সরকারি চিকিৎসা ব্যবস্থার মান ও নিরাপত্তা নিয়ে পুনরায় বড় প্রশ্ন তুলে দিল।
