ছট পুজোর মাহাত্ম্য ও চার দিনের কঠোর নিয়মাবলি

লোকবিশ্বাস অনুযায়ী, ছটী মাইয়াকে উষা দেবীর সঙ্গে সম্পর্কিত মনে করা হয়, যিনি সূর্যদেবের পত্নী ও ভোরের আলোর প্রতীক। প্রাচীন বৈদিক ঐতিহ্যের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্ক রয়েছে। পৌরাণিক কাহিনি অনুসারে, রাজা প্রিয়ব্রত ও রানি মালিনী নিঃসন্তান ছিলেন। তাঁদের মৃত সন্তানকে ছটী মায়া নিজের অলৌকিক শক্তিতে পুনর্জীবন দান করেছিলেন। এই কাহিনি থেকেই সন্তান জন্মের ষষ্ঠ দিনে ছটী মাইয়ার আরাধনার বিশেষ মাহাত্ম্য তৈরি হয়েছে, যা বাংলায় ষষ্ঠীপুজো নামেও পরিচিত।
ছট পুজো মূলত চার দিনের এক কঠোর উৎসব। প্রথম দিন ‘নহায়-খায়’ দিয়ে শুদ্ধাচারের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দ্বিতীয় দিন ‘খরনা’-র দিন সারাদিন উপবাসের পর গুড়ের পায়েস ও রুটি প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় এবং এরপরই শুরু হয় দীর্ঘ নির্জলা উপবাস। এই কঠোর ব্রত পালনের মাধ্যমে ভক্তরা নিজেদের শুদ্ধ করেন।
তৃতীয় দিন নদী বা জলাশয়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে ‘সন্ধ্যা অর্ঘ্য’ দেওয়া হয়। চতুর্থ ও শেষ দিন ভোরে উদীয়মান সূর্যকে ‘ঊষা অর্ঘ্য’ নিবেদনের মাধ্যমে এই মহা ব্রত সম্পন্ন হয়। সূর্য ও জলাশয়ের প্রতি কৃতজ্ঞতা এবং জীবনের প্রতিটি পর্যায়কে সম্মান জানানোর অনন্য বার্তা দেয় এই ছট পুজো।
