ছত্তিশগড়ে মর্মান্তিক বয়লার বিস্ফোরণ, বেদান্ত কর্তার বিরুদ্ধে মামলা দায়ের!

ছত্তিশগড়ে মর্মান্তিক বয়লার বিস্ফোরণ, বেদান্ত কর্তার বিরুদ্ধে মামলা দায়ের!

ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবারের এই দুর্ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক হতাহত হওয়ার পর পুলিশ প্রাথমিক তদন্তে কারখানায় গুরুতর গাফিলতির প্রমাণ পেয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল, সংস্থার ম্যানেজার দেবেন্দ্র প্যাটেলসহ ৮ থেকে ১০ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬, ২৮৯ এবং ৩-এর ৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বয়লারের ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়েছিল। ৩৫০ মেগাওয়াট সক্ষমতার বয়লারে ৫৯০ মেগাওয়াট উৎপাদন করার চেষ্টায় উচ্চচাপের বাষ্প বহনকারী পাইপ ফেটে এই বিস্ফোরণ ঘটে। কারখানায় যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে চরম অবহেলা এবং মানহীন যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে অতিরিক্ত এসপি পঙ্কজ প্যাটেলের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং বিলাসপুর ডিভিশনাল কমিশনার ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *