ছবি তোলাই কাল! কাবেরীতে স্নান করতে নেমে সলিলসমাধি ৪ মহিলা-সহ ৫ জনের – এবেলা

এবেলা ডেস্কঃ
মান্ডিয়া: নদীতে স্নান করতে নেমে ছবি তোলাই ডেকে আনল চরম বিপদ। কর্ণাটকের কাবেরী নদীতে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো ৪ মহিলা-সহ ৫ জনের। বুধবার নিখোঁজ ওই পাঁচ জনেরই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
পুলিশ সূত্রে খবর, নিহতরা কর্ণাটকের চান্নাপাটনা তালুকের ব্যাদারাহাল্লির বাসিন্দা। সোমবার মান্ডিয়া জেলার মুথাথি ও মুত্তেথ্থারায়া মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। এরপর সোমবার বিকেলেই তাঁরা কাবেরী নদীতে স্নান করতে নামেন।
সাঁতার কাটার পাশাপাশি নদীর জলে দাঁড়িয়ে তাঁরা ছবিও তুলছিলেন। আর সেই সময়ই আচমকা স্রোতের তোড়ে ভারসাম্য হারিয়ে ভেসে যান ওই পাঁচ জন।
মৃতদেহ উদ্ধার:
মান্ডিয়া জেলার পুলিশ সুপার ভি জে শোভা রানি জানিয়েছেন, খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। দীর্ঘ তল্লাশি অভিযানের পর বুধবার নদী থেকে ওই পাঁচ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মন্দির দর্শনে গিয়ে পুণ্যার্থীদের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
