“ছাত্রছাত্রীদের দিকে অস্ত্র তাক করা হয়েছে!” পুলিশি কড়াকড়ির জেরে মোদি সরকারকে তীব্র আক্রমণ রাহুলের – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের বর্তমান পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১০ বছরে দেশে ১৫২টি পরীক্ষার প্রশ্নফাঁস হলেও এখনও পর্যন্ত একজনেরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।
দিল্লিতে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশের বলপ্রয়োগ, মারধর এবং প্রিভেন্টিভ ডিটেনশনের তীব্র নিন্দা করেন তিনি। তাঁর বিস্ফোরক অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের দিকে নিরাপত্তারক্ষীরা অস্ত্র তাক করেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন রাহুল গান্ধী। একইসঙ্গে প্রশ্নফাঁসের জেরে পরীক্ষার্থীদের চরম মানসিক অবসাদ ও আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
