ছুটির দিনও রেহাই নেই! ২১ জুন ঘুম ভেঙে যোগা ম্যাট হাতে হাজিরা দিতে হবে সব সরকারি কর্মীকে – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: আগামী ২১ জুন, রবিবার। ছুটির দিন হলেও এবার আর আয়েশ করে ঘুমোনোর সুযোগ নেই রাজ্যের সরকারি কর্মচারীদের। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল সকাল ঘুম থেকে উঠে যোগা ম্যাট হাতে হাজিরা দিতে হবে তাঁদের। সম্প্রতি নবান্নের তরফ থেকে জারি করা এক কড়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ওই দিন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার কলকাতায় অত্যন্ত জাঁকজমক করে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি চলছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কারা থাকবেন এই তালিকায়?
নবান্নের মুখ্যসচিবের দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও সরকারি কর্মীই এই নির্দেশিকার বাইরে নন। স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কিংবা সাম্মানিকভিত্তিক— সব ধরনের সরকারি কর্মচারীকে এই অনুষ্ঠানে অংশ নিতেই হবে। সংশ্লিষ্ট সরকারি দফতর, আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হবে। শুধু মূল সরকারি দফতরই নয়, রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় পুরসভার কর্মীদের জন্যও এই নিয়ম কার্যকর করা হয়েছে। প্রশাসনের দাবি, যোগব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ।
কলকাতায় মেগা আয়োজন ও কড়া নিরাপত্তা:
২০১৪ সালে রাষ্ট্রসংঘে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন, যা পরে বিশ্বজুড়ে স্বীকৃতি পায়। গত বছর বিশাখাপত্তনমে যোগ দিবস পালন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার বাংলায় নতুন সরকার গঠনের পর কলকাতার রেড রোডকে মূল মঞ্চ হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপস্থিতির কারণে শহর জুড়ে কড়া নিরাপত্তা ও ট্র্যাফিকের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। ফলে ২১ জুন সকালে সাধারণ মানুষের যাতায়াতের রুটিনেও কিছুটা রদবদল বা ‘স্ট্রেচিং’ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত ছুটির দিনেও নবান্নের এই ‘যোগাসন মাস্ট’ ফতোয়া নিয়ে সরকারি কর্মীদের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।
