জনগণনার নিয়মে নজিরবিহীন বদল কেন্দ্রের! এখন থেকে এই শিক্ষকরাও আসবেন আপনার দরজায়? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশজুড়ে আয়োজিত হতে চলা পরবর্তী জনগণনার কাজে এবার আসছে এক বড়সড় পরিবর্তন। এতদিন পর্যন্ত কেবল সরকারি ও সরকার পোষিত প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদেরই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত করা হতো। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ ১৯৯০ সালের সেন্সাস বিধি সংশোধন করে একটি নতুন গেজেট বিজ্ঞপ্তি জারি করেছেন। এই নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন এখন থেকে অনুদানপ্রাপ্ত বা অনুদানবিহীন বেসরকারি স্কুল, ট্রাস্ট, ব্যাংক এবং অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও গণনাকারী হিসেবে নিয়োগ করতে পারবে।
সম্প্রতি ‘হরিয়ানা প্রগ্রেসিভ স্কুলস কনফারেন্স’-এর আবেদনের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট একটি মামলায় জানায় যে, তৎকালীন ১৯৪৮ সালের আইন অনুযায়ী বেসরকারি শিক্ষকদের গণনাকারী হিসেবে নিয়োগের সরাসরি কোনো আইনি অধিকার ছিল না। এই আইনি জট কাটাতেই কেন্দ্র তড়িঘড়ি পুরনো আইনের পরিধি বৃদ্ধি করেছে। কেন্দ্রের এই সংশোধিত সিদ্ধান্তের ফলে সেন্সাস ২০২৭-এর জন্য গণনাকারীদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে। একইসঙ্গে প্রশাসনিক কাজ পরিচালনায় রাজ্যগুলির ওপর থেকে অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
