জন্মাষ্টমী ৪ না ৫ সেপ্টেম্বর? কৃষ্ণপুজোর সঠিক দিন-ক্ষণ নিয়ে কাটল সব দ্বন্দ্ব! – এবেলা

এবেলা ডেস্কঃ
এই বছর জন্মাষ্টমীর সঠিক তারিখ নিয়ে ভক্তদের মনে নানাবিধ সংশয় তৈরি হয়েছে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে সাড়ম্বরে উদযাপিত হয় শ্রীকৃষ্ণের জন্মোৎসব। পঞ্জিকা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর গভীর রাত ২টো ২৫ মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং তিথি সমাপ্ত হবে ৫ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা ১৩ মিনিটে। তাই ৪ সেপ্টেম্বর মধ্যরাতেই নিশীথ পুজোর শ্রেষ্ঠ সময় নির্ধারিত হয়েছে। এই পুজো ও আরাধনার শুভ সময়সীমা ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৭ মিনিট থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।
নিয়মানুসারে জন্মাষ্টমীর উপোস পালনকারী ভক্তরা তিথি চলাকালীন নির্জলা থাকেন এবং পরবর্তী সূর্যোদয়ের পর পারণ করেন। ফলে চলতি বছরে ৫ সেপ্টেম্বর সকাল ৬টা ১ মিনিটে উপোস ভাঙার সঠিক সময় ধার্য করা হয়েছে। গোপালের কৃপালাভে এই বিশেষ দিনে দেববিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্রে সাজিয়ে তোলার পাশাপাশি তুলসী পাতা, ধূপ ও শঙ্খধ্বনির মাধ্যমে বিশেষ মন্ত্র উচ্চারণ করে পুজো করা হয়। পুজোয় গোপালের অত্যন্ত প্রিয় মাখন, মিছরি, তালের বড়া, মালপোয়া ও পায়েসসহ ৫৬ ভোগ নিবেদন করার প্রচলন রয়েছে।
