জন্ম-মৃত্যু শংসাপত্র কাড়ার প্রতিবাদে আজ স্বাস্থ্যভবনে তুলকালাম বিক্ষোভ হোমিওপ্যাথি চিকিৎসকদের! – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক এক গেজেট বিজ্ঞপ্তির জেরে ডিএমএস ও ডিএইচএমএস-সহ ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদে এবং অর্জিত অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বুধবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসছেন রাজ্যজুড়ে হাজার হাজার হোমিওপ্যাথি চিকিৎসক। মেডিক্যাল সার্ভিস সেন্টারের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ক্ষুব্ধ চিকিৎসকরা। অভিযোগ উঠেছে, গত ৯ জুলাইয়ের ওই বিজ্ঞপ্তির জেরে সাধারণ মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ পরিজনদের শেষকৃত্যের সময় ডেথ সার্টিফিকেট পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছে।
চিকিৎসক সংগঠনের তথ্য অনুযায়ী, রাজ্যে এই ধরনের প্রায় ৩৪ হাজার ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন। ১৯৯৫ সালের দীর্ঘ আন্দোলনের পর তাঁরা দ্বিতীয় সিডিউলভুক্ত হয়ে এই শংসাপত্র দেওয়ার আইনি অধিকার অর্জন করেছিলেন। কিন্তু বর্তমান সরকারি আদেশের ফলে তাঁদের আত্মসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং সমাজে ভুল বার্তা যাচ্ছে। অবিলম্বে এই বিতর্কিত নির্দেশ সংশোধন করে চিকিৎসকদের জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারী চিকিৎসক সংগঠনগুলি।
