জন্ম ১৯৯৮-এ, খাতায়-কলমে ২০১০! মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া ‘টপার’ আসলে ২৫ বছরের যুবক! – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের প্রতাপগড়ে সামনে এসেছে এক অভাবনীয় জালিয়াতির ঘটনা। সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত থেকে এক লাখ টাকার চেক, মেডেল এবং প্রশংসাপত্র ছিনিয়ে নেওয়া দ্বাদশ শ্রেণির ‘টপার’ আসলে একজন প্রতারক! পরিচয় এবং বয়স বদলে এই অভিনব প্রতারণা চালিয়েছিলেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশ বোর্ডের সংস্কৃতি পরীক্ষায় যিনি শীর্ষস্থান অধিকার করেছিলেন, তিনি পরিচিত ছিলেন রজনীশ যাদব নামে। গত জুন মাসে মুখ্যমন্ত্রী তাঁকে পুরস্কৃতও করেন। কিন্তু সম্প্রতি তাঁরই এক নিকট আত্মীয় জালিয়াতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর পুরো সত্য প্রকাশ্যে আসে।
তদন্তে জানা যায়, ওই যুবকের নাম রজনীশ নয়, আসল নাম অজয় কুমার (বাবা: হরিলাল)। সরকারি রেশন কার্ড ও ভোটার তালিকার তথ্য অনুযায়ী তাঁর জন্ম ১৩ মে, ১৯৯৮। অর্থাৎ তিনি একজন প্রাপ্তবয়স্ক যুবক। অথচ পরীক্ষায় বসা এবং বয়স কম দেখানোর উদ্দেশ্যে তিনি নিজের নথিপত্র বিকৃত করে জন্মসাল দেখিয়েছিলেন ২০১০!
প্রশাসন সূত্রে খবর, ঘটনার তদন্তে জেলা বিদ্যালয় পরিদর্শকের (DIOS) নির্দেশে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে জালিয়াতির সত্যতা নিশ্চিত করেছেন তদন্তকারী সরকারি শিক্ষকরা। রিপোর্ট ইতিমধ্যেই লখনউতে অবস্থিত শিক্ষা দফতরের সদর দফতরে পাঠানো হয়েছে।
বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কোনো চক্র কাজ করছে কি না এবং শিক্ষা দফতরের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে জোর কদমে তদন্ত চলছে।
