জলযন্ত্রণা থেকে মিলবে মুক্তি? বিবাদী বাগের শতাব্দীপ্রাচীন নিকাশি সংস্কারে মেগা উদ্যোগ পুরসভার – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে মধ্য কলকাতার ব্যস্ততম অফিসপাড়া। এই জলযন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি দিতে এবার বড়সড় নিকাশি সংস্কারের কাজে নামছে কলকাতা পুরসভা। বিবাদী বাগ, বি বি গাঙ্গুলী স্ট্রিট এবং এ পি সি রোড সংলগ্ন প্রায় দুই কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে শুরু হচ্ছে এই মেগা সংস্কার প্রকল্প। বৃহস্পতিবার দেশবন্ধু পার্কে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।
কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং নিকাশি বিভাগ যৌথভাবে এই কাজ সম্পন্ন করবে। পুরসভা সূত্রে খবর, মধ্য কলকাতার এই এলাকার নিকাশি প্রণালীগুলো কয়েকশো বছরের পুরনো, যার বড় অংশই ব্রিটিশ আমলে ইটের কাঠামো দিয়ে তৈরি। জীর্ণ এই নিকাশি নালা থেকে পলি তোলার সময়ে একটি ইট আলগা হয়ে গেলেও বড় ধরনের ধস বা বিপত্তির আশঙ্কা থেকে যায়। সেই কারণেই দীর্ঘদিন এই এলাকায় পলি তোলার কাজ থমকে ছিল।
এই ঝুঁকি এড়াতে এবার বিশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে পুরসভা। পলি তোলার পাশাপাশি পুরনো ইটের কাঠামোর সুরক্ষায় নিকাশি নালার ভেতর বিশেষ ধরনের পাইপের আস্তরণ বসানো হবে। নিকাশি বিভাগের শীর্ষকর্তাদের আশা, পরিকল্পনা মাফিক কাজ শেষ হলে বর্ষার সময়ে বিবাদী বাগ ও সংলগ্ন অফিসপাড়ার রাস্তায় জল দাঁড়িয়ে থাকার সমস্যা অনেকটাই কমে যাবে।
তবে অত্যন্ত ব্যস্ত এই এলাকায় কাজ চলাকালীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে কলকাতা ট্র্যাফিক পুলিশের সঙ্গে ইতিমধ্যে বৈঠক ও আলোচনা সেরেছেন দায়িত্বপ্রাপ্ত পুর আধিকারিকরা, যাতে পথচলতি মানুষের ভোগান্তি যথাসম্ভব কম হয়।
