জলে হাহাকার, এসি অচল! বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে বিক্ষোভে ফেটে পড়লেন বিএসএফ জওয়ানরা! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউ জলপাইগুড়ি থেকে দক্ষিণ ভারতের উদ্দেশে ছেড়ে আসা বিএসএফ জওয়ানদের একটি বিশেষ ট্রেনে ন্যূনতম পরিষেবা না পাওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল বর্ধমান স্টেশনে। মঙ্গলবার বিকেলে ট্রেনের এসি অচল থাকা, কামরায় পর্যাপ্ত জল না থাকা এবং বিদ্যুৎহীনতার কারণে মোবাইল চার্জ করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন জওয়ানরা। বাধ্য হয়ে তাঁরা ট্রেন থেকে নেমে ৫ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান বিক্ষোভে বসেন এবং পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন না ছাড়ার হুঁশিয়ারি দেন। প্রায় দু’ঘণ্টা ধরে এই অচলাবস্থা তৈরি হয়।
দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর রেল কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস পেয়ে অবশেষে জওয়ানরা ফের ট্রেনে ওঠেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বারবার ট্রেন দাঁড়ানোর কারণে ব্যাটারি চার্জ না হওয়ায় এসি কাজ করেনি এবং ব্যবহারেই জল ফুরিয়েছিল। খড়গপুর স্টেশনে জল ভরার ব্যবস্থা করা হবে। তবে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের এই দুর্ভোগ সাধারণ যাত্রীদের রেল পরিষেবা নিয়ে বড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল।
