জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যজুড়ে জাঁকজমকপূর্ণ রাখিবন্ধন উৎসব, জারি নির্দেশিকা – এবেলা

জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যজুড়ে জাঁকজমকপূর্ণ রাখিবন্ধন উৎসব, জারি নির্দেশিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৮ অগস্ট পশ্চিমবঙ্গ জুড়ে সরকারিভাবে রাখিবন্ধন উৎসব পালিত হতে চলেছে। জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে একটি প্রাতিষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়।

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর যৌথভাবে গ্রাম ও শহর জুড়ে এই অনুষ্ঠানের আয়োজন করবে। এবারের রাখিবন্ধন উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে ‘তেরঙা রাখি’। যুব ও ক্রীড়া দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাতে জেলার প্রতিটি প্রান্তে এই রাখি সময়মতো পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য ও রূপরেখা:

  • সাংস্কৃতিক পরিবেশনা: রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্যের পাশাপাশি স্থান পাবেন স্থানীয় লোকশিল্পীরা। আয়োজন করা হবে বাউল ও লোকসংগীতের নানা অনুষ্ঠান।
  • সবার অংশগ্রহণ: স্বনির্ভর গোষ্ঠী (Self-Help Groups), যুব সংগঠন, মহিলা সমিতি এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলিকে উদযাপনে সক্রিয়ভাবে শামিল করা হবে।
  • উৎসবের স্থান: রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক, মহকুমা ও জেলা সদরে এই কর্মসূচি আয়োজিত হবে। এছাড়া কলকাতা পুরসভা সহ রাজ্যের অন্যান্য পুরসভার অন্তত ৪-৫টি নির্বাচিত ওয়ার্ডেও এই অনুষ্ঠান পালিত হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে এই উৎসব উদযাপনের জন্য প্রয়োজনীয় আর্থিক খরচের অনুমোদন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। যুব কল্যাণ দপ্তর জেলাগুলিতে এই অর্থ পাঠাবে এবং তা সরকারি আর্থিক বিধি মেনেই খরচ করতে হবে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার পর ছবি সহ রিপোর্ট (Action Taken Report) রাজ্য সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *