জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়ার পরই উধাও! হাওড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ১৫ বছরের প্রতিভাবান শুটার – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় দলের ট্রায়ালে সুযোগ মিলেছিল সদ্য। খুশির হাওয়া ছিল গোটা পরিবারে। কিন্তু সেই আনন্দই আচমকা পরিণত হল চরম উৎকণ্ঠায়! কেনাকাটার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল হাওড়ার ১৫ বছর বয়সী রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও তার কোনও খোঁজ না মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়ামহলে।
কী ঘটেছিল বৃহস্পতিবার? মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। প্রখ্যাত অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছেই তার প্রশিক্ষণ চলত। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কেনাকাটার জন্য বাড়ি থেকে বেরোয় সে। কিন্তু তারপর থেকে আর তার কোনও খোঁজ মেলেনি। আশ্চর্যের বিষয় হল, দময়ন্তীর মোবাইল ফোনটিও বাড়িতেই পড়ে রয়েছে।
সিসিটিভিতে মিলেছে সূত্র হাওড়া থানায় ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি দায়ের করেছে পরিবার। পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, শেষবার হাওড়া স্টেশনের ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে দময়ন্তীকে হাঁটতে দেখা গিয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট।
কোথায় গেল দময়ন্তী? দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, বাড়িতে কোনওরকম ঝামেলা বা অশান্তি হয়নি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে ভোরবেলা উঠে সে জোরদার অনুশীলনও শুরু করে দিয়েছিল। এমন অবস্থায় সে কোথায় যেতে পারে, তা নিয়ে ধন্দে সকলেই। অন্যদিকে, দময়ন্তীর মা মৌমিতা সেন জানান, শুক্রবার সকালে তাঁদের কাছে একটি ফোন আসে। কেউ একজন জানান যে, শ্রীরামপুরের মাহেশের রথে দময়ন্তীকে দেখা গিয়েছে। সেই সূত্র ধরেও পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে।
