‘জীবনে প্রথমবার বিগ বস দেখব!’ কাজী তৌকিরের জন্য হঠাৎ কেন এমন সিদ্ধান্ত অরিজিতের? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 10, 20265:33 pm
হিন্দি সঙ্গীত জগতের সুপারস্টার অরিজিৎ সিং সাধারণত খবরের শিরোনাম থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন। কিন্তু এবার এক পুরনো বন্ধুর জন্য তিনি এমন এক কাজ করতে চলেছেন, যা শুনে তাজ্জব তাঁর অনুরাগীরা। রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’ (Bigg Boss 20)-এর প্রতিযোগী কাজী তৌকিরকে (Kazi Touqeer) সমর্থন জানাতে গিয়ে অরিজিৎ সাফ জানালেন— শুধুমাত্র বন্ধুর জন্যই তিনি জীবনে প্রথমবার এই শো দেখতে যাচ্ছেন!
“আমাদের রকস্টার কাজী” সম্প্রতি নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে অরিজিৎ লেখেন, “আমাকে জীবনে প্রথমবারের মতো বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী সেখানে আছেন।” অরিজিতের এই ছোট্ট বার্তাটি মুহূর্তের মধ্যেই নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়।
‘ফেম গুরুকুল’ থেকে বন্ধুত্বের শুরু কাজী ও অরিজিতের বন্ধুত্বের সূত্রপাত ২০০৫ সালের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এ। সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন কাজী তৌকির, আর অরিজিতের সফর শেষ হয়েছিল ষষ্ঠ স্থানে। সময়ের নিয়মে দু’জনের কেরিয়ার সম্পূর্ণ ভিন্ন দিকে বাঁক নেয়— অরিজিৎ হয়ে ওঠেন দেশের এক নম্বর গায়ক, আর কাজীও নিজের মতো গান নিয়ে কাজ করতে থাকেন। তবে এত বছর পরেও তাঁদের অমলিন বন্ধুত্বের প্রমাণ দিল অরিজিতের এই বার্তা।
‘বিগ বস’-এ কাজীর মাস্টারস্ট্রোক বর্তমানে ‘বিগ বস ২০’-এর ঘরে কাজীর আচরণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোয় কাজী ইঙ্গিত দিয়েছেন যে, ঘরের ভিতর তাঁর এই বৈচিত্র্যময় আচরণ আসলে তাঁর গেম স্ট্র্যাটেজিরই একটি অংশ। আসল ব্যক্তিত্বকে আড়ালে রেখে ছক কষে তিনি খেলায় এগোচ্ছেন।
কাজী যখন শো-তে নিজের জায়গা শক্ত করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় অরিজিতের মতো মহাতারকার এই প্রকাশ্য সমর্থন যে কাজীর জনপ্রিয়তায় বাড়তি অক্সিজেন যোগ করল, তা আর বলার অপেক্ষা রাখে না।
