জ্ঞানেশ ইস্যুতে বিরোধীদের পাশে বিজেডি, ‘ইন্ডিয়া’ জোটে যোগদানের জল্পনা ওড়াল নবীন শিবির – এবেলা

জ্ঞানেশ ইস্যুতে বিরোধীদের পাশে বিজেডি, ‘ইন্ডিয়া’ জোটে যোগদানের জল্পনা ওড়াল নবীন শিবির – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় রাজনীতিতে জল্পনা উস্কে দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী শিবিরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিল নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি)। তবে এই পদক্ষেপের পর বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটে বিজেডির যোগদান নিয়ে তৈরি হওয়া জল্পনা খারিজ করে দিয়েছে দলটি।

বিজেডি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, বিরোধীদের কর্মসূচিতে অংশ নেওয়ার অর্থ এই নয় যে তারা ‘ইন্ডিয়া’ জোটে শামিল হচ্ছে। ওডিশা বিধানসভার মুখ্য সচেতক প্রমীলা মল্লিক জানান, ভোটারদের বিভ্রান্ত করা এবং এসআইআর (SIR) প্রক্রিয়ার চরম ব্যর্থতার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলেই বিজেডি এই প্রতিবাদে অংশ নিয়েছে। দলটির সংসদীয় দলনেতা মানস মঙ্গরাজ পুনর্ব্যক্ত করেছেন যে, বিজেডি বর্তমানে এনডিএ বা ইন্ডিয়া— উভয় জোট থেকেই সমান দূরত্ব বজায় রেখে চলেছে।

অন্য দিকে, জাতীয় স্তরে বিরোধীরা একছাদের তলায় আসার চেষ্টা করলেও ডিএমকে-র চাঞ্চল্যকর মন্তব্যে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি ‘ভণ্ড’ বলে আক্রমণ করেছেন ডিএমকে-র শীর্ষ নেতা সর্বনন আন্নাদুরাই। সব রাজ্যের নির্বাচন বাতিলের দাবি না তোলা নিয়ে প্রশ্ন তুলে তিনি কটাক্ষ করেন, রাহুল গান্ধী কি থালাপতিকে ভয় পাচ্ছেন?

কংগ্রেস তথা রাহুলের বিরুদ্ধে সরব হয়েছে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-ও। দলের কার্যকরী সভাপতি কেটি রামা রাও সংবিধান ও গণতন্ত্র নিয়ে রাহুল গান্ধীর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তেলঙ্গানায় কংগ্রেসের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে তিনি তীব্র নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *