জ্ঞানেশ কুমারের পরামর্শেই কি ভোটাধিকার হারাচ্ছেন কোটি কোটি মার্কিন নাগরিক? তোলপাড় বিশ্বরাজনীতি! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতে আলোড়ন ফেলা ‘এসআইআর’ (SIR) ব্যবস্থার আদলে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটার তালিকা সংশোধনে নামছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে আলোচনার পর ট্রাম্পের ইঙ্গিত, আমেরিকাতেও প্রতিটি ভোটারের জন্য বাধ্যতামূলক করা হতে পারে সচিত্র পরিচয়পত্র। এতদিন ভারতে সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে কোটি কোটি মানুষ ভোট দিলেও, মার্কিন মুলুকে এমন কড়াকড়ি ছিল না। পাশাপাশি, বাড়িতে বসে ডাকযোগে ভোট দেওয়ার প্রচলিত পদ্ধতিরও কড়া সমালোচনা করেছেন তিনি। ট্রাম্পের লক্ষ্য, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দেশের ভোট প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা এবং সচিত্র পরিচয়পত্রের নিয়ম চালু করা।
মার্কিন নির্বাচনে অনিয়ম রুখতে এবং কেবল বৈধ নাগরিকদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ (SAVE Act) দ্রুত পাশ করাতে মরিয়া হোয়াইট হাউস। তবে ভারতের সাথে আমেরিকার নির্বাচন ব্যবস্থার মৌলিক পার্থক্য রয়েছে; কারণ সেখানে কেন্দ্রীয় কোনও কমিশন নেই, রাজ্যগুলি নিজ নিজ নিয়ম তৈরি করে। নতুন এই আইনের ফলে নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মার্কিন ভোটাধিকার হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ২০২৮-এর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এবং পুনরায় ক্ষমতার শীর্ষে টিকে থাকতে ট্রাম্পের এই বিতর্কিত কৌশল আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।
