ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সৎ বাবা

ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা নাবালিকার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে। বুধবার তাকে ঝাড়গ্রাম মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আজ অভিযুক্তকে পকসো আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা নাবালিকার মা তার দুই সন্তানকে নিয়ে রঘুনাথপুরের একটি ভাড়া বাড়িতে থাকতেন। মায়ের অভিযোগ, তিনি যখন কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকতেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে তার দ্বিতীয় স্বামী বা ওই নাবালিকার সৎ বাবা তাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে একাধিকবার ধর্ষণ করেছে। মেয়ের মুখে পুরো ঘটনা শোনার পর মা মানসিকভাবে ভেঙে পড়েন এবং দ্রুত ঝাড়গ্রাম থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ এবং স্বাস্থ্যপরীক্ষার প্রক্রিয়া চলছে। ঘটনার আইনগত দিক খতিয়ে দেখে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
