ঝাড়গ্রামে মনসা পুজোর অনুষ্ঠানে সাপের কামড়ে মৃত্যু সর্পবন্ধুর

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের চৌনিশোল গ্রামে মনসা পুজোর অনুষ্ঠানে সাপের কামড়ে রাহুল দণ্ডপাট নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকায় ‘সর্পবন্ধু’ হিসেবে পরিচিত রাহুল বাড়িতেই সাপের খেলা বা ‘ঝাঁপান’ দেখাচ্ছিলেন। সেই সময় গলায় জীবন্ত সাপ জড়িয়ে খেলা দেখানোর মুহূর্তে অন্যমনস্ক হয়ে পড়লে সাপটি তাঁর বাঁ হাতে ছোবল মারে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সাপের কামড় খাওয়ার পরেও রাহুল প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের সঙ্গী অসীম মহাপাত্র জানান, রাহুল বিষধর সাপ উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দিতেন এবং সাপের বিষদাঁত ভাঙার বিরোধী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনসা পুজো উপলক্ষে রাহুল সারাদিন উপোস করেছিলেন। শারীরিক দুর্বলতার কারণেই সাপের বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। রাহুলের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে। এর আগেও বহুবার সাপ উদ্ধার করতে গিয়ে রাহুল সাপের কামড় খেয়েছিলেন, এমনকি তিন বছর আগে কামড়ের চোটে তাঁর একটি আঙুলও বাদ দিতে হয়েছিল।
