টানা ৪ দিন ছুটিতে খুশির হাওয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে এখন উৎসবের মেজাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সরস্বতী পুজো ও নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সরকারি ছুটি থাকায় শুরু হয়েছে এক দীর্ঘ অবকাশ। এরপর শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি এবং সোমবার প্রজাতন্ত্র দিবস— সব মিলিয়ে টানা চার দিনের ছুটিতে খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে।
এই লম্বা ছুটিকে কাজে লাগিয়ে পর্যটকদের প্রধান গন্তব্য হয়ে উঠেছে সৈকত শহর দিঘা ও মন্দারমণি। হোটেল ব্যবসায়ীদের মতে, আজ শনিবার থেকেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। আগামী তিন দিন তিল ধারণের জায়গা থাকবে না বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ইতিমধ্যেই দিঘার অধিকাংশ হোটেল ও লজ বুকিং হয়ে গিয়েছে।
পর্যটকদের এই বিপুল ভিড়ের কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সৈকত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নবান্নের নির্দেশ মেনে পর্যটন কেন্দ্রগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ছুটি উপভোগ করতে পারেন।

