টিভি দেখা নিয়ে সামান্য বচসা, ভাতের পাত থেকে ডেকে নিয়ে যুবককে ‘খুন’ প্রতিবেশীদের! – এবেলা

টিভি দেখা নিয়ে সামান্য বচসা, ভাতের পাত থেকে ডেকে নিয়ে যুবককে ‘খুন’ প্রতিবেশীদের! – এবেলা

এবেলা ডেস্কঃ

টিভি দেখা নিয়ে সামান্য বচসার জেরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করার নৃশংস অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়। নিহত যুবকের নাম বিশ্বজিৎ মুণ্ডা। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ পেশায় রাজমিস্ত্রি এবং দীর্ঘদিন ভিনরাজ্যে কর্মরত ছিলেন। কয়েক মাস আগেই তিনি গোপালনগরের বাড়িতে ফেরেন। বর্তমানে তাঁর স্ত্রী বাপের বাড়িতে থাকায় বিশ্বজিৎ দিনের বেশিরভাগ সময় স্থানীয় ক্লাবেই কাটাতেন। দিন তিনেক আগে ক্লাবে টিভি দেখা নিয়ে এলাকারই নিতাই ও টোটোন নামের দুই যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। পরিবারের অভিযোগ, সেই সময় অভিযুক্তরা বিশ্বজিৎকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।

পরিবারের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে বিশ্বজিৎ যখন বাড়িতে নৈশভোজ করছিলেন, ঠিক সেই সময় নিতাই ও টোটোন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ঘরে ফেরেননি। সারারাত খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার সকালে স্থানীয় একটি মাঠ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

ঘটনার খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত টোটোনকে আটক করেছে এবং অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *